ভোলা: ভোলার লালমোহন উপজেলার রায়চাঁদ বাজারে নারী কর্মীদের হেনস্থার জেরে বিএনপি এবং জামায়াত সমর্থিত বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যার এই সহিংসতায় উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
বিডিপির সংসদ সদস্য প্রার্থী নিজামুল হক নাঈমের দাবি অনুযায়ী, শুক্রবার সকালে রমাগঞ্জ ইউনিয়নে জামায়াতের নারী কর্মীরা সাংগঠনিক কাজে গেলে রুবেল নামে এক ব্যক্তি তাদের গালিগালাজ ও হেনস্থা করেন। পরবর্তীতে এই বিষয় নিয়ে প্রতিবাদ জানালে রুবেল ও তার সহযোগীরা বিডিপি কর্মী জসিম উদ্দিনের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়।
সন্ধ্যায় বিডিপি কর্মীরা ঘটনাস্থল ত্যাগ করার সময় বিএনপির নেতা-কর্মীরা পেছন থেকে অতর্কিত হামলা চালায়। এতে তাদের ১৫ জন কর্মী গুরুতর আহত হন।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুলের অভিযোগ, জামায়াত ও আওয়ামী লীগের ক্যাডাররা মিলে পরিকল্পিতভাবে যুবদল ও অঙ্গসংগঠনের ওপর হামলা করেছে। এতে তাদের ১২-১৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য ভোলা ও ঢাকায় পাঠানো হয়েছে।
লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম জানান, জুমার নামাজের আগে নারী কর্মীদের নিয়ে সৃষ্ট উত্তেজনা পুলিশ নিয়ন্ত্রণ করলেও সন্ধ্যায় মোটরসাইকেল মহড়াকে কেন্দ্র করে পুনরায় ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরিস্থিতির অবনতি হওয়ায় রাত ১১টা পর্যন্ত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।



