নিজস্ব প্রতিবেদক | ঢাকা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ব্যক্তিগত ও বাসভবনের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। উচ্চমাত্রার নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনায় নিয়ে তাকে একজন সশস্ত্র গানম্যান এবং বাসভবনে পোশাকধারী পুলিশ মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ সদর দপ্তরকে নির্দেশনা দেওয়া হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ওপর উচ্চমাত্রার নিরাপত্তা ঝুঁকি বা হুমকি বিদ্যমান রয়েছে। এই ঝুঁকি মোকাবিলায় তার ব্যক্তিগত নিরাপত্তার জন্য সার্বক্ষণিক গানম্যান এবং তার বাসভবনের নিরাপত্তার জন্য সশস্ত্র পুলিশ সদস্য মোতায়েন করা প্রয়োজন।
দলীয় সূত্রে জানা গেছে, গত বছরের ১৭ ডিসেম্বর ডা. শফিকুর রহমানের নিরাপত্তার আবেদন জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিলেন জামায়াতের অফিস সেক্রেটারি আ ফ ম আবদুস সাত্তার। সেই আবেদনের প্রেক্ষিতে সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করে।
তবে প্রজ্ঞাপন জারির আগেই গত প্রায় দুই সপ্তাহ ধরে জামায়াত আমিরকে বিশেষ নিরাপত্তা প্রদান করা হচ্ছে। আমিরের ব্যক্তিগত সহকারী নজরুল ইসলাম জানান, গত ১৫ দিন ধরে আমিরের চলাচলের সময় একজন গানম্যান এবং এক গাড়ি পুলিশ স্কোয়াড সঙ্গে থাকছে। তিনি আরও জানান, চলাফেরার পাশাপাশি বাসভবনের স্থায়ী নিরাপত্তার জন্য যে আবেদন করা হয়েছিল, নতুন নির্দেশনায় সম্ভবত সেটিই নিশ্চিত করা হয়েছে।
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে একজন শীর্ষ নেতার নিরাপত্তায় সরকারের এই বিশেষ উদ্যোগকে রাজনৈতিক অঙ্গনে বেশ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বিশেষ করে সংস্কার কার্যক্রম ও আগামী নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা বজায় রাখার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।



