নিজস্ব প্রতিবেদক | ১৩ জানুয়ারি, ২০২৬
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা নাহিদ ইসলাম বলেছেন, আগামী মাসের গণভোটে যদি ‘না’ ভোট জয়যুক্ত হয়, তবে আগের ফ্যাসিবাদী পদ্ধতিই বহাল থাকবে এবং জুলাই অভ্যুত্থানের সকল অর্জন ব্যর্থ হয়ে যাবে। তিনি স্পষ্ট করে বলেন, “আমাদের দলকে ভোট না দিলেও অন্তত রাষ্ট্রের সংস্কার নিশ্চিত করতে ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট দিন।”
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনে ‘ভোটের গাড়ি’ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। গণভোটের পক্ষে জনসচেতনতা তৈরি করতে এই ভ্রাম্যমাণ প্রচার কার্যক্রম শুরু করা হয়েছে।
একটি বড় রাজনৈতিক দলের (বিএনপিকে ইঙ্গিত করে) বিভিন্ন ‘কার্ড’ দেওয়ার প্রতিশ্রুতির কড়া সমালোচনা করেন নাহিদ ইসলাম। তিনি বলেন একটি দল বিভিন্ন ধরনের কার্ড দেওয়ার প্রচারণা চালাচ্ছে, কিন্তু সেই টাকা কোথা থেকে আসবে তা বলছে না। হয় তারা ক্ষমতায় গিয়ে জনগণের ওপর ট্যাক্স বাড়াবে, নয়তো সেই কার্ড কেবল তাদের দলীয় কর্মীরাই পাবে।”
২০০৮ সালের আওয়ামী লীগের প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, “আওয়ামী লীগ ১০ টাকায় চাল খাওয়ানোর কথা বলে দেশটাকে ছারখার করে দিয়েছে। সস্তা প্রচারণা করে মানুষের সাথে আর প্রতারণা করা যাবে না।”
নাহিদ ইসলাম অভিযোগ করেন, একটি বিশেষ রাজনৈতিক দল গণভোটে ‘না’ ভোটের পক্ষে গোপনে ও প্রকাশ্যে প্রচারণা চালাচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এই গণভোট হলো ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর মাধ্যমে রাষ্ট্র সংস্কারের চূড়ান্ত রায়। যারা ‘না’ এর পক্ষে কাজ করছে, তারা আসলে অভ্যুত্থান পরবর্তী সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চায়।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, এনসিপির এই ‘ভোটের গাড়ি’ ঢাকাসহ সারা দেশ ঘুরে বেড়াবে এবং গণভোটের গুরুত্ব তুলে ধরবে। অনুষ্ঠানে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও সাবেক উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভূঁইয়াসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নাহিদ ইসলাম দাবি করেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট জয়লাভ করে সরকার গঠন করবে এবং জুলাই সনদের আলোকে দেশ সংস্কারের কাজ সম্পন্ন করবে।



