চকরিয়া (কক্সবাজার): বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশের অবরুদ্ধ গণতন্ত্র আজ মুক্তি পেয়েছে এবং জনগণ তাদের মালিকানা ফেরত পেয়েছে। এই অর্জনকে টেকসই করতে এবং গণতন্ত্রকে শক্তিশালী রূপ দিতে আগামী ১২ ফেব্রুয়ারি সবাইকে মুক্ত পরিবেশে স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে হবে।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে কক্সবাজারের চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নে আয়োজিত এক নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, “এদেশে যেন আর কোনোদিন ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে, আমাদের সেই ব্যবস্থা করতে হবে। অগণতান্ত্রিক শক্তির উত্থান হলে সবারই একই পরিণতি হবে।” তিনি আরও উল্লেখ করেন যে, বিএনপি দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করেছে। ছাত্র-জনতার প্রত্যাশা ও শহিদের অঙ্গীকার অনুযায়ী একটি শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।
বক্তব্যে তিনি বিএনপির ঐতিহাসিক ভূমিকা তুলে ধরে বলেন, “শহিদ জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। বিএনপি এদেশের উন্নয়ন করেছে এবং স্বাধীনতা রক্ষা করেছে। প্রকৃতপক্ষে, এদেশের উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির অপর নামই হলো বিএনপি।” তিনি আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দেশের অগ্রযাত্রাকে সচল রাখতে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান।
বিকেলে চকরিয়ার বরইতলী ইউনিয়নে অনুষ্ঠিত অপর এক জনসভায় সালাহউদ্দিন আহমদ আওয়ামী লীগের তীব্র সমালোচনা করে বলেন, “আওয়ামী লীগ এক সময় রাজনৈতিক দল ছিল, কিন্তু এখন তারা একটি মাফিয়া পার্টিতে পরিণত হয়েছে। এটি এখন বাংলাদেশের বিপক্ষ শক্তি হিসেবে প্রতিষ্ঠিত।”
ধর্ম নিয়ে রাজনীতির সমালোচনা করে তিনি বলেন, যারা দেশ নিয়ে কোনো বাস্তবমুখী পরিকল্পনা না দিয়ে শুধু জান্নাতের কথা বলে ভোট চায়, তারা মানুষের ঈমান নষ্ট করছে। তিনি আরও যোগ করেন, “গরিব মানুষ ভালো থাকলেই বাংলাদেশ ভালো থাকবে। কৃষকের মেরুদণ্ড শক্তিশালী হলে তবেই জাতির মেরুদণ্ড শক্তিশালী হবে।”



