এম এ কাহার সিদ্দিক, কুড়িগ্রাম | ১৭ জানুয়ারি ২০২৬:
দারিদ্র্যের কষাঘাত দমাতে পারেনি উলিপুরের অদম্য মেধাবী শিক্ষার্থী জাহেরুলকে। চরম অর্থকষ্টের মধ্যেও স্বপ্ন পূরণের লড়াই চালিয়ে যাওয়া এই শিক্ষার্থীর পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে কুড়িগ্রামের উলিপুর উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি, ২০২৬) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জাহেরুলের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়।
জাহেরুল এক দরিদ্র কৃষিজীবী পরিবারের সন্তান। পরিবারের সীমিত আয়ের কারণে এসএসসি পরীক্ষার ফল আশানুরূপ না হলেও দমে যাননি তিনি। মাঠের কৃষিকাজের পাশাপাশি দিনরাত পরিশ্রম করে এইচএসসিতে অভাবনীয় সাফল্য অর্জন করেন। বর্তমানে তিনি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে অধ্যয়নরত।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে জাহেরুল বলেন, “আমার পরিবারের পড়াশোনার খরচ বহন করার মতো সামর্থ্য ছিল না। তবুও স্বপ্ন ছাড়িনি। আজ আইন বিষয়ে পড়াশোনা করছি—এটাই আমার জীবনের সবচেয়ে বড় অর্জন।”
জাহেরুলের জীবন সংগ্রামের কথা জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল হাসান তাকে সহায়তার উদ্যোগ নেন। চেক প্রদানকালে ইউএনও জানান, দরিদ্র ও পিছিয়ে পড়া মেধাবী শিক্ষার্থীদের সহায়তা করা সরকারের মানবিক উদ্যোগের অংশ। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্থানীয়দের মতে, প্রশাসনের এই সময়োপযোগী উদ্যোগ সমাজের অন্যান্য দরিদ্র মেধাবীদের জন্য আশার আলো দেখাবে এবং তাদের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাবে।
সহায়তা পেয়ে আবেগাপ্লুত জাহেরুল ও তার পরিবার উপজেলা প্রশাসনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা জানান, এই সহায়তা কেবল আর্থিক নয়, বরং জাহেরুলের স্বপ্ন পূরণের পথে এক বড় সাহস ও শক্তির যোগান।



