নিজস্ব প্রতিবেদক | ১৩ জানুয়ারি, ২০২৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির চতুর্থ দিনে ৫৩ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনের অডিটরিয়ামে দিনভর শুনানি শেষে এই সিদ্ধান্ত জানায় কমিশন।
নির্বাচন কমিশন সচিবালয়ের তথ্য অনুযায়ী, আজ মোট ৭০টি আপিল আবেদন নিষ্পত্তি করা হয়েছে। এর মধ্যে ৫৩টি আপিল মঞ্জুর হয়েছে এবং ১৭টি আপিল নামঞ্জুর করা হয়েছে। নামঞ্জুরকৃত ১৭টি আবেদনের মধ্যে ২ জন বৈধ প্রার্থীর প্রার্থিতা বাতিল চেয়ে করা আপিলও ছিল, যা কমিশন খারিজ করে দিয়েছে।
আজকের শুনানিটি দুই পর্বে অনুষ্ঠিত হয়, এই পর্বে মোট ৩৬টি আপিল নিষ্পত্তি হয়েছে, যার মধ্যে ২৯ জনের আপিল মঞ্জুর এবং ১২টি নামঞ্জুর হয়, এই পর্বে ২৪টি আপিল মঞ্জুর হয়েছে এবং ৫টি আপিল নামঞ্জুর হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এই শুনানিতে অন্য চার নির্বাচন কমিশনার এবং ইসি সচিব উপস্থিত ছিলেন।
গত ১০ জানুয়ারি থেকে শুরু হওয়া এই আপিল শুনানিতে প্রথম চার দিনে মোট ২০৩ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। প্রথম দিনে ৫২ জন, দ্বিতীয় দিনে ৫৮ জন, তৃতীয় দিনে ৪১ জন এবং আজ চতুর্থ দিনে ৫৩ জন বৈধতা পেলেন।
উল্লেখ্য, রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধ প্রার্থীদের দায়ের করা মোট ৬৪৫টি আপিলের ওপর এই শুনানি চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। আগামী ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে।



