নিজস্ব প্রতিবেদক, ঢাকা: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনই ঠিক করে দেবে বাংলাদেশ কোন দিকে যাবে। মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে আয়োজিত তিন দিনব্যাপী দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
সম্মেলনে ড. ইউনূস দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা ও তরুণদের রাজনৈতিক অংশগ্রহণ নিয়ে কথা বলেন। তিনি বলেন তরুণরা নতুন রাজনৈতিক দল গঠন করেছে এবং তাদের মধ্যে অনেকেই আগামী নির্বাচনে জয়লাভ করবে।প্রচলিত শিক্ষা ব্যবস্থায় কেবল চাকরি পাওয়ার জন্য লেখাপড়া করানো হয়, যা পরিবর্তনের প্রয়োজন। শিক্ষার্থীদের কেন কেবল চাকরি খোঁজার বদলে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হচ্ছে না, সেই প্রশ্নও তোলেন তিনি।
‘উচ্চশিক্ষার বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ দিকনির্দেশনা-২০২৬’ শীর্ষক এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রকল্পের আওতায় এটি আয়োজিত হয়।সম্মেলনে যুক্তরাজ্য, মালদ্বীপ, মালয়েশিয়া, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশ এবং বিশ্বব্যাংকের প্রতিনিধিসহ মোট ৩০ জন আন্তর্জাতিক প্রতিনিধি অংশ নেন।
ড. ইউনূস দক্ষিণ এশীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে শিক্ষার মানোন্নয়ন এবং গবেষণায় পারস্পরিক সহযোগিতার ওপরও গুরুত্বারোপ করেন।



