চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি | ১৫ জানুয়ারি, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক এমপি হারুনুর রশীদ বলেছেন, বিগত সময়ে আওয়ামী লীগের লোকজন সরাসরি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে জড়ায়নি, বরং সরকারের নির্দেশে পুলিশ এই কাজ করেছে। বুধবার (১৪ জানুয়ারি) রাতে নবাবগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ডে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

হারুনুর রশীদ তার বক্তব্যে বিগত আওয়ামী লীগ সরকারের আমলের আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করেন।

তিনি বলেনআওয়ামী লীগের লোক তো মানুষকে গিয়ে বিচারবহির্ভূত হত্যা করেনি। করেছে পুলিশ, সরকারের নির্দেশে। আওয়ামী লীগের বাড়ি থেকে উঠিয়ে নিয়ে গিয়ে যারা মামলা দিয়েছে, সেই পুলিশদের বিচার হবে। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, নির্বাচিত হলে তিনি প্রশাসন বা থানাকে এই ধরণের কোনো অন্যায় করার সুযোগ দেবেন না এবং তাদের জবাবদিহিতার আওতায় আনবেন।

আসন্ন নির্বাচনের প্রাক্কালে হারুনুর রশীদ সাম্প্রদায়িক ও রাজনৈতিক সম্প্রীতির ওপর জোর দিয়ে বলেন, আগামী দিনে সকল মানুষের নিরাপত্তা দেওয়া হবে তাদের ‘ফরজ দায়িত্ব’।

তিনি বলেন “আওয়ামী লীগের যে সমস্ত খারাপ লোকজন ছিল, যারা অপকর্ম করেছে, তাদের নামে মামলা-মোকদ্দমা আছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু সাধারণ মানুষের ওপর অন্যায় বরদাশত করা হবে না।”

দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের জন্য জনপ্রতিনিধির দরজা সবসময় খোলা থাকা উচিত বলে তিনি মন্তব্য করেন। হারুনুর রশীদের মতে মানুষ রাত-বিরাতে থানা বা কোর্টে যেতে না পারলেও জনপ্রতিনিধির কাছে যেকোনো সময় যেতে পারে। একজন আওয়ামী লীগ বা জামায়াতে ইসলামীর কর্মীও যদি বিপদে পড়ে আমার কাছে আসে, তাকে সাহায্য করা আমার দায়িত্ব এবং আমার কাছে আসার পূর্ণ অধিকার তাদের আছে।

বক্তব্যের শেষ পর্যায়ে তিনি এলাকার ভোটারদের উদ্দেশ্যে বলেন, জননিরাপত্তা নিশ্চিত করাই হবে তার মূল লক্ষ্য, যেখানে কোনো সাধারণ মানুষ পুলিশি হয়রানির শিকার হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts